‘দর্শকদের ভালোবাসা সব ক্লান্তি দূর করে’

‘দর্শকদের ভালোবাসা সব ক্লান্তি দূর করে’

ফন্ট সাইজ:

অনেকদিন ধরেই উপস্থাপনায় আলো ছড়াচ্ছেন সাদিয়া শিমুল। বিশেষ করে গানকেন্দ্রিক উপস্থাপনা নিয়ে শুরু থেকে এখন পর্যন্ত ব্যস্ত তিনি। মাঝে সিনেমাতেও অভিনয় করেছেন। তবে উপস্থাপনাটাকেই নিজের প্রথম ভালোবাসা মনে করেন এই গ্ল্যামারাস কন্যা। ২০১৯ সালে প্রথম ঈদ স্পেশাল লাইভ শুরু করেছিলেন তিনি। এরপর করোনা মহামারির বছর বাদ দিয়ে প্রতি ঈদেই লাইভ অনুষ্ঠান নিয়ে হাজির হয়েছেন তিনি। এবারো ব্যতিক্রম হচ্ছে না। তবে ঈদের বাইরেও উপস্থাপনায় ব্যস্ত সময় পার করছেন সাদিয়া শিমুল।

প্রতিদিন তার উপস্থাপনায় দেশ টিভিতে প্রচারিত হচ্ছে ‘দেশ শোবিজ’ নামক অনুষ্ঠান। এই শো থেকে দারুণ রেসপন্স পাচ্ছেন বলেও জানান তিনি। প্রতিদিনের শোগুলো করতে ক্লান্ত লাগে না? এ উপস্থাপিকা বলেন, তা তো কিছুটা লাগেই। তবে দর্শকদের ভালোবাসা সব ক্লান্তি দূর করে। শোটি থেকে দুর্দান্ত সাড়া পাচ্ছি দর্শকদের। এদিকে, এই শো’র বাইরে ‘সিনে রোমান্স’ নামে একটি শো জিটিভিতে প্রচারিত হচ্ছে সপ্তাহে একবার।

সেটা থেকেও ভালো সাড়া পাচ্ছেন শিমুল। মাঝে মধ্যেই এশিয়ান টিভি ও চ্যানেল এসএ’র মিউজিক্যাল শো উপস্থাপনায়ও দেখা মেলে তার। এবার ঈদে টানা ব্যস্ত থাকতে হবে এই উপস্থাপিকাকে। ঈদের পাঁচদিন দেশ টিভিতে তিনি উপস্থাপনা করবেন লাইভ মিউজিক্যাল শো ‘ব্যাকট্রল গানে আনন্দে’।

পাশাপাশি চ্যানেল এসএ উপস্থাপনা করবেন ‘চ্যানেল এস মিউজিক আওয়ার’। এই ব্যস্ততার জন্য এবার ঈদে বাড়িও যাওয়া হচ্ছে না সাদিয়া শিমুলের। কথায় কথায় তিনি বলেন, দু’টি অনুষ্ঠান উপস্থাপনার জন্য এবার বাড়ি যেতে পারছি না ঈদে। এমন সচরাচর হয় না। তবে এবার থাকতেই হচ্ছে। এদিকে, শিমুল উপস্থাপনার পাশাপাশি অভিনয় করেছেন ‘শ্রাবণ জ্যোৎস্নায়’ ছবিতে। থ্রিলার গল্প দারুণ টানে তাকে। ভবিষ্যতে থ্রিলার কিংবা মনের মতো কোনো গল্প-চরিত্র পেলে বড় পর্দায় কিংবা ওটিটিতে কাজ করতে
চান তিনি।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন