জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হলো ৭৯তম কান চলচ্চিত্র উৎসব। এবারের আসরে ইতিহাস গড়লেন রোমানিয়ার নির্মাতা ক্রিস্টিয়ান মুঙ্গিউ। তার চলচ্চিত্র ‘ফিয়র্ড জিতে নিয়েছে উৎসবের সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণপাম’। এর মাধ্যমে দ্বিতীয় বারের মতো এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন মুঙ্গিউ। এর আগে ২০০৭ সালে তার চলচ্চিত্র ‘ফোর মান্থস, থ্রি উইকস অ্যান্ড টু ডেইজ’ স্বর্ণপাম অর্জন করেছিল।
এবারের আসরে জুরি বোর্ডের প্রধান ছিলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতিমান নির্মাতা পার্ক চান-উক। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাতে। স্বর্ণপাম ছাড়াও দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘গ্রাঁ প্রি’ জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জিভিয়াগিনৎসেভ পরিচালিত ‘মিনোটর’। এবার সেরা অভিনেতার পুরস্কার যৌথভাবে জিতেছেন ইমানুয়েল মাকিয়া ও ভ্যালাঁতাঁ ক্যাম্পান। অন্যদিকে, সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন ভার্জিনি এফিরা এবং তাও ওকামোতো। দু’টি সিনেমার জন্য এবার যৌথভাবে দেয়া হয়েছে ‘সেরা পরিচালক’র পুরস্কারও।
এই সম্মান পেয়েছেন স্প্যানিশ নির্মাতা জুটি জাভিয়ের কালভো ও জাভিয়ের আমব্রোসি, ‘দ্য ব্ল্যাক বল’ চলচ্চিত্রের জন্য। পাশাপাশি পোলিশ নির্মাতা পাওয়েল পাভলিকোভস্কি পেয়েছেন ‘ফাদারল্যান্ড’ সিনেমার জন্য একই সম্মান। চিত্রনাট্য বিভাগে পুরস্কার জিতেছেন ইমানুয়েল মাকিয়া। জুরি পুরস্কার গেছে জার্মান নির্মাতা ভালেস্কা গ্রিজেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’র ঝুলিতে। প্রথম চলচ্চিত্র নির্মাতাদের জন্য বিশেষ সম্মান ‘ক্যামেরা দ’র জিতেছেন রুয়ান্ডার নির্মাতা মারি-ক্লেমেন্তিন দুসাবেজাম্বো। তার চলচ্চিত্র ‘বেনিমানা’ পেয়েছে এই স্বীকৃতি। এ ছাড়া, কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রাইস্যান্ডকে সম্মানসূচক স্বর্ণপাম প্রদান করা হয়।
