মাদারীপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে শোকজ

ফন্ট সাইজ:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণ-বিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি’র প্রার্থী জাহান্দার আলী জাহান (ধানের শীষ) ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকে (কলস) পৃথকভাবে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক শোকজ করা হয়েছে। গতকাল তাদের শোকজ করা হয়। আগামী ১০ই ফেব্রুয়ারি দুই প্রার্থীকে সশরীরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।
জানা গেছে, গত ৪ঠা ফেব্রুয়ারি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালিবাজারে উভয় প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য মাদারীপুর-২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রোববার নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান আরিফ হোসাইন (সিভিল জজ) স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে। নোটিশে বলা হয় যে, দাখিলকৃত অভিযোগ মতে আপনার (জাহান্দার আলী জাহান) সমর্থকবৃন্দ বল প্রয়োগ করে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করেছেন। এই প্রেক্ষিতে কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ হবে না এবং নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সুপারিশ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে।
অপরদিকে, আচরণ-বিধি লঙ্ঘন করে মোটর শোডাউন করায় স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকেও রোববার শোকজ করা হয়েছে। নোটিশে বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৯(ক) অনুসারে নির্বাচনী প্রচারণায় কোনো বাস, ট্রাক, নৌযান, মোটরসাইকেল কিংবা অন্য কোনো যান্ত্রিক বাহন সহকারে কোনো মিছিল, জনসভা কিংবা কোনোরূপ শোডাউন করতে পারবেন না মর্মে বিধান থাকলেও মিল্টন বৈদ্য শোডাউন করে উক্ত আচরণ-বিধি লঙ্ঘন করেছেন মর্মে কমিটির নিকট প্রতীয়মান হচ্ছে। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে মর্মে সশরীরে হাজির হয়ে লিখিত জবাব দাখিল করার জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক নির্দেশ প্রদান করা হয়েছে। আগামী ১০ই ফেব্রুয়ারি তাদের সশরীরে হাজিরার জন্য দিন ধার্য করা হয়েছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন