ঈদযাত্রায় নৌপথে কোস্ট গার্ড বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বিশেষ করে ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার দুপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সদর ঘাটের সার্বিক নিরাপত্তা পরিদর্শন শেষে ঢাকা সদর ঘাট লঞ্চ টার্মিনালে বাংলাদেশ কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এ তথ্য জানান।
মহাপরিচালক বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের সার্বিক নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যখন দেশের অধিকাংশ মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নিজ নিজ গন্তব্যে যাত্রা করেন, ঠিক সেই সময়েও কোস্ট গার্ড সদস্যরা দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে।

কোস্ট গার্ড ডিজি বলেন, ঈদকে কেন্দ্র করে নৌপথে যাত্রী চলাচল ও যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় কোস্ট গার্ড বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কোস্ট গার্ডের আওতাধীন ঢাকা, বরিশাল, ভোলা, মোংলা, পটুয়াখালী, কক্সবাজার ও চট্টগ্রামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ লঞ্চঘাট, ফেরিঘাট, খেয়াঘাট ও নৌরুটে সার্বক্ষণিক টহল জোরদার এবং যেকোনো দুর্ঘটনা মোকাবিলায় কোস্ট গার্ড ডুবুরি দল প্রস্তুত রয়েছে। পাশাপাশি বিআইডব্লিউটিএ কন্ট্রোল রুমে কোস্ট গার্ড প্রতিনিধি কর্তৃক সার্বক্ষণিক পর্যবেক্ষণ ও গুরুত্বপূর্ণ স্থানসমূহে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে অতিরিক্ত সদস্য মোতায়েন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও নৌযানে তল্লাশি, যাত্রীদের ব্যাগ স্ক্যানিংসহ বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুষ্কৃতিকারীরা যেন চুরি, ডাকাতি, চাঁদাবাজি এবং কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংঘটিত করতে না পারে তার জন্য সদা তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য।

তিনি বলেন, এ ছাড়াও নৌপথে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, জনগণকে ধারণক্ষমতার অতিরিক্ত নৌযানে ওঠা থেকে বিরত রাখা, নৌযানে অবস্থানরত অবস্থায় সকলের লাইফ জ্যাকেট পরিধান নিশ্চিত করাসহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করছে কোস্ট গার্ড। যার মাধ্যমে যাত্রীদের নৌযাত্রা নিরাপদ থাকবে বলে আশা করা যায়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী যেন শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে কোস্ট গার্ডের এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম ঈদ পরবর্তী সময়ে যাত্রীদের নিরাপদে কর্মস্থলে পৌঁছানো পর্যন্ত অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন