অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দেখা মিললো ঐশ্বরিয়া রাই বচ্চনের। কানের মঞ্চে নিয়মিত উপস্থিত এই বলিউড তারকাকে শুরুতে কোথাও দেখা যাচ্ছিল না। তাই প্রথম থেকেই ভক্তদের মধ্যে এক ধরনের অস্থিরতা ছিল। এমনকি অনেক ফ্যাশনপ্রেমী হতাশা প্রকাশ করেছিলেন।
তবে উৎসবের শেষদিকে শুক্রবার রাজকীয় উপস্থিতিতে হাজির হলেন সাবেক এই বিশ্বসুন্দরী। দুই দশকেরও বেশি সময় ধরে কান উৎসবের অন্যতম আকর্ষণ ঐশ্বরিয়া। গত বছরের সমালোচিত ফ্যাশন উপস্থিতির পর এবার তিনি যেন নতুনভাবে নিজের স্টাইল-স্টেটমেন্ট তুলে ধরলেন। ৫২ বছর বয়সে তার উপস্থিতি যে কতোটা অনন্য হতে পারে, সেটা আবারো প্রমাণ করলেন তিনি। এবার ঐশ্বরিয়ার পরনে ছিল ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি উজ্জ্বল নীল রঙের স্ট্রাকচার্ড গাউন। পোশাক জুড়ে ছিল নিখুঁত কারুকাজ ও ঝলমলে শিমারি আবহ। যা আলোয় আরও মোহময় হয়ে উঠছিল। গাউনের কুইল ডিটেইলিং পুরো লুকে এনে দিয়েছে আলাদা মাত্রা।
ডিপনেক কাটের পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন অ্যাসিমেট্রিক নকশার স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস। সঙ্গে ছিল মানানসই আংটি। মারমেইড কাটের গাউন তার ব্যক্তিত্বকে আরও অভিজাত ও পরিমিত সৌন্দর্যে তুলে ধরেছে। হাতে রাখা হালকা শিফনের স্টোল পুরো সাজে যোগ করেছে নরম এক আভিজাত্য। খোলা চুল আর অত্যন্ত মিনিমাল মেকআপে ঐশ্বরিয়ার লুক ছিল একাধারে পরিণত, আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয়। এমনকি ক্যামেরার সামনে হৃদয়চিহ্নের ভঙ্গিতেও ভক্তদের মন জয় করেছেন তিনি। গাউনের পরিমিত ট্রেন রেড কার্পেটে নেমে এসে তৈরি করছিল রাজকীয় আবহ।
