দেশের প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও শিক্ষক ড. অনিমা রায়ের প্রথম গ্রন্থ ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশচেতনা’র প্রকাশনা উৎসব বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমি’র কবি শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গবেষণাধর্মী এই গ্রন্থটি প্রকাশ করেছে বাংলা একাডেমি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ফারজানা রশীদ ব্রাউনিয়া। বাংলা গান নিয়ে গবেষণামূলক প্রবন্ধের সংকলন হিসেবে বইটি ইতিমধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে আগ্রহের সৃষ্টি করেছে।
অনুষ্ঠানের শুরুতেই ড. অনিমা রায়ের প্রতিষ্ঠিত সংগীত পাঠশালা ‘সুরবিহার’র শিক্ষার্থীরা সমবেত সংগীত পরিবেশন করেন। তাদের কণ্ঠে পরিবেশিত হয় ডি.এল রায়ের বিখ্যাত গান ‘ধনধান্য পুষ্পভরা আমাদের এই বসুন্ধরা’ এবং রবীন্দ্রসংগীত ‘বিশ্বসাথে যোগে যেথায় বিহার’। অনুষ্ঠানে বইটি এবং লেখকের সাহিত্যচর্চা নিয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, বাংলা একাডেমি’র মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম এবং সরকারি সংগীত কলেজের বিভাগীয় প্রধান ড. কমল খালিদ।
ড. অনিমা রায় বলেন, এটি আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় দিন। গবেষণার কাজ শুরু করার পর বুঝতে পারি, আমাদের দেশে পাঁচ কবির গান নিয়ে তেমন কোনো সংকলন নেই। সেই ভাবনা থেকেই বইটি প্রকাশের সিদ্ধান্ত নিই। তিনি আরও বলেন, বাংলা একাডেমি’র প্রতি আমি কৃতজ্ঞ। তারা অত্যন্ত যত্নের সঙ্গে বইটি প্রকাশ করেছে। এখন পাঠকদের প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। একটি বই তখনই সার্থক হয়, যখন পাঠকরা সেটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করেন।
