জামালপুরে রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে রামিসা হত্যাকারীর শাস্তির দাবিতে মানববন্ধন

ফন্ট সাইজ:

রাজধানী ঢাকায় শিশু রামিসা হত্যাকাণ্ডসহ অন্যান্য নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের দয়াময়ী মোড়ে জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক ও জেলা শিশু সুরক্ষা এডভোকেসি নেটওয়ার্ক এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে কিছু সময়ের জন্য প্রতীকী সড়ক অবরোধ করা হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শংকর রায়, এডভোকেট শামীম আরা, নারীনেত্রী রায়হানা রহমান লতা, উন্নয়নকর্মী মুর্শেদ ইকবাল, বিমল জেমস কস্তা, শিক্ষার্থী মারজানা শেখ মেহজাবিনসহ অন্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, রাজধানীতে নৃশংসভাবে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে।

এ ছাড়াও চট্টগ্রামে শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। জামালপুরে গত এক মাসে ১৩টি নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা ঘটেছে। সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে। সরকার ও প্রশাসনের উদাসীনতার কারণে অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে চলাফেরা করে। এতে করে অপরাধের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। এ সময় মানববন্ধন চলাকালে শিশু রামিসাসহ সকল নারী ও শিশু ধর্ষণ ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকীভাবে ১০ মিনিটের জন্য শহরের দয়াময়ী মোড় অবরোধ করে রাখা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন