রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় শোক ও ক্ষোভে ফুঁসছে দেশ। মর্মান্তিক এ ঘটনায় সাধারণের পাশাপাশি সোচ্চার হয়েছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে তারা এ ঘটনায় অপরাধীর দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংগীতশিল্পী কনকচাঁপা লেখেন, রাষ্ট্রের কাছে চাওয়া একটাই- জনসমক্ষে বিচার চাই। জনসমক্ষে মানে একদম লোকালয়ে বিচার চাই।
তাহলে যদি অপরাধী ভয় পায়। আরেক সংগীতশিল্পী আসিফ আকবর বলেন, রামিসা হত্যাকাণ্ডে অপরাধীর জনসম্মুখে দ্রুততম সময়ে বিচার করা উচিত। এ বিষয়ে কোনো ছাড় নেই। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান বলেন, একটি শিশুর আর্তনাদ শুধু একটি পরিবারের বেদনা নয়, এটি আমাদের সবার। শিশু রামিসার সঙ্গে ঘটে যাওয়া এই নৃশংস ঘটনা পুরো সমাজের মানবিকতা, নিরাপত্তা ও বিচারব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তিনি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন। চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস লিখেছেন, রামিসার মর্মান্তিক বিদায় কোনোভাবেই মেনে নিতে পারছি না।
একজন মা হিসেবে আমার বুক ফেটে যাচ্ছে। এমন নৃশংসতার বিচার চাই, আর কোনো মায়ের কোল যেন এভাবে খালি না হয়। রামিসা তুই শান্তিতে থাক মা। ঘটনাটি নিয়ে গভীর হতাশা প্রকাশ করে তমা মির্জা লেখেন, ধর্ষণকারীর বিচার হবে ধর্ষণের শিকার যে, তার জানাজার আগে। এমন বিচার হবে যে, এসব নিকৃষ্ট অসুস্থ মস্তিষ্কের অপরাধীরা অপরাধ করার চিন্তা স্বপ্নেও ভাবতে পারবে না।
চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, শিশুরাই আগামীর ভবিষ্যৎ। অথচ এদেশে সেই ভবিষ্যৎই সবচেয়ে অনিরাপদ। অভিনেত্রী শবনম ফারিয়া বলেন, আমার নিজের সন্তান নেই, আমি বাবা-মায়েদের অনুভূতি কখনোই পুরোপুরি বুঝতে পারবো না। তবে এইটুকু বুঝতে পারি একটা চেনা বা অচেনা বাচ্চার মৃত্যুতে যদি আমার এমন লাগে, তাহলে যাদের নিজের সন্তান, তাদের কেমন লাগছে? এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, সম্ভবত এই মুহূর্তে মেয়েদের জন্য, বিশেষ করে মেয়ে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো বাংলাদেশ! শুধু গ্রেপ্তার করে সান্ত্বনা দেবেন আর বিচারের কোনো নাম নেই, এই সার্কাস আর কতোদিন? বিচার এমনভাবে করা উচিত যাতে এই ধরনের অপরাধ করার আগে অপরাধীর রুহ কাঁপে।
এ ছাড়াও বিজরী বরকতুল্লাহ, শাহেদ শরীফ খান, আঁখি আলমগীর, জান্নাতুল পিয়া, দিঠি আনোয়ার, ইমরান মাহমুদুল, রুকাইয়া জাহান চমক, সাবরিনা পড়শীসহ শোবিজের অনেক তারকা রামিসা হত্যার ঘটনায় সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সবাই অপরাধীদের দ্রুত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
