বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে ঘিরে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। ক’দিন আগেই ভোপালের ত্বিশা শর্মার মৃত্যুর ঘটনায় মেয়েদের বিয়ে ও আত্মনির্ভরতা নিয়ে মন্তব্য করে আলোচনায় এসেছিলেন তিনি। কঙ্গনা বলেছিলেন, নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত কোনো ভারতীয় নারীর বিয়ে করা উচিত নয়। সেই মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার তার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। এর আগেও কঙ্গনার প্রেমজীবন নিয়ে একাধিকবার গুঞ্জন ছড়িয়েছে।
বিশেষ করে অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বলিউডে ব্যাপক আলোচনা হয়েছিল। সম্প্রতি ভারতীয় সংসদ সদস্য চিরাগ পাসওয়ানের সঙ্গে তার সম্পর্কের খবরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও এসব গুঞ্জন বরাবরই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তবে এবার নতুন একটি ভিডিও ঘিরে কৌতূহল বেড়েছে ভক্তদের মধ্যে। সেখানে কঙ্গনাকে দেখা যায় সাদামাটা ভারতীয় সাজে।
পরনে চুড়িদার, হাতে চুড়ি, কপালে টিপ, গলায় মঙ্গলসূত্র এবং সিঁথিতে সিঁদুর। এমন সাজে তাকে দেখে অনেকেই ধারণা করছেন, গোপনে বিয়ে সেরে ফেলেছেন অভিনেত্রী। ভিডিওতে আরও দেখা যায়, একটি বাড়ি থেকে বের হয়ে দ্রুত গাড়িতে উঠে পড়েন কঙ্গনা। এ সময় বাইরে অপেক্ষায় থাকা ফটো সাংবাদিকদের অনুরোধে তিনি থামেননি। বেশ গম্ভীর মুখেই গাড়ির দিকে এগিয়ে যান তিনি। আর এতেই নেট দুনিয়ায় শুরু হয়েছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন, হয়তো ‘কুইন-২’ সিনেমার কাজ শুরু করেছেন কঙ্গনা। আবার অনেকে আগেভাগেই অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। যদিও পুরো বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কঙ্গনা।
