দেশে প্রচলিত আইনে ধর্ষণের প্রকৃত বিচার সম্ভব নয়: আমির হামজা

ফন্ট সাইজ:

রাজধানীর পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। একইসঙ্গে ধর্ষণের বিচার কোরআনের নির্দেশনা অনুযায়ী কার্যকর করার আহ্বান জানান তিনি। গত বৃহস্পতিবার রাতে রাজশাহীর সিটি বাইপাস রোড এলাকায় আয়োজিত এক তাফসিরুল কোরআন মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। পরে তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে তানভির টিভি-২৪ নামে একটি ফেসবুক পেজে ছড়িয়ে পড়ে। বক্তব্যে আমির হামজা বলেন, দেশে প্রচলিত আইনে ধর্ষণের প্রকৃত বিচার সম্ভব নয়।

তিনি দাবি করেন, ধর্ষণ রোধে কোরআনের সুরা আন-নূরের আয়াত অনুযায়ী আইন কার্যকর করা প্রয়োজন। তিনি বলেন, এই আয়াত সংসদে কার্যকর করা হলে ধর্ষণ তো দূরের কথা, যুবকদের অনৈতিক কর্মকাণ্ডও বন্ধ হয়ে যাবে। তিনি আরও বলেন, শুধু সভা-সমাবেশ, মানববন্ধন কিংবা বক্তব্য দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। শরিয়তের আইন কার্যকর ছাড়া এ অপরাধ নির্মূল করা সম্ভব নয়। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, রামিসাকে নিজের মেয়ের মতো ভাবুন। আপনার মেয়ের সঙ্গে এমন ঘটনা ঘটলে দেশের পরিস্থিতি কী হতো, তা সহজেই অনুমান করা যায়।

একপর্যায়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, আমিও একজন বাবা। আমারও তিনটি মেয়ে আছে। শিশুটির দিকে তাকালে নিজের মেয়ের কথাই মনে পড়ে। ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, মানুষ নামের এসব জানোয়ারের বিচার শুধু জেল বা জরিমানা দিয়ে হবে না। এদের প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে সম্প্রতি আট বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশ জুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহল থেকে দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন