মৌলভীবাজারের রাজনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম তালেব মিয়া (৪০)। তিনি ওই গ্রামের আইয়ুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে জমিতে বোরো ধান কাটতে যান তালেব মিয়া। হঠাৎ কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত ঘটতে থাকে। এসময় তালেব মিয়ার ওপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে গেছে।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধান কাটার সময় বজ্রপাতে তালেব ঘটনাস্থলেই মারা যান। পুলিশকে জানানো হয়েছে।
এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
