সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র সদ্য প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মান বাঁচাতে ফেনী-১ আসনে ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনুকে বিপুল ভোটে জয়ী করার অঙ্গীকার করেছেন দলের নেতাকর্মীরা। তারা বলেন, ফেনী-১ (ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলা) আসন বিএনপি’র দুর্গ। এ আসনে ১৯৯১ সাল থেকে খালেদা জিয়া টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলীয় নেতা ছিলেন। এরপর আওয়ামী লীগ সরকারের ফ্যাসিস্ট আচরণের মুখে খালেদা জিয়ার আর নির্বাচনে প্রার্থী হতে পারেননি। শনিবার বিকালে ফেনীর পরশুরাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, এবার সুযোগ হয়েছে বিএনপি’র হারানো আসন ঘরে তোলার। এ সুযোগ হাতছাড়া করতে চায় না বিএনপি। বক্তারা ১২ই ফেব্রুয়ারি ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণের প্রতি আহ্বান জানান। তারা বিএনপি সরকারের সময় এলাকার উন্নয়ন তুলে ধরে এর ধারাবাহিকতা ধরে রাখতে আবারো ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানান। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় গেলে দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী এলাকায় কাজ করার ঘোষণা দেন আসনটিতে ধানের শীষের প্রার্থী মুন্সি রফিকুল আলম। তিনি বলেন, নির্বাচিত হলে বিএনপি’র ৫১ দফা ইশতেহার পরিপূর্ণভাবে পালন করা হবে। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ভোট দিয়ে নির্বাচিত করলে বেগম খালেদা জিয়ার আমানত ও সম্মান রক্ষা করা হবে। এলাকার উন্নয়ন ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। পরশুরাম উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন সাবেক সংরক্ষিত আসনের এমপি রেহানা আক্তার রানু, বিএনপি’র গ্রাম বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য জালাল উদ্দিন মজুমদার, আবু তালেব ও জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
খালেদা জিয়ার সম্মান বাঁচাতে ধানের শীষের বিজয়ের অঙ্গীকার
ফেনী সংবাদদাতা
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
