বাবার শেষ গান দিয়ে দিঠির শুরু

বাবার শেষ গান দিয়ে দিঠির শুরু

ফন্ট সাইজ:

বাংলা গানের কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের সুযোগ্যকন্যা দিঠি আনোয়ার। বাবার কাজগুলো সংরক্ষণ ও তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। এবার বাবার লেখা শেষ গানটি গাওয়ার মধ্যদিয়ে নিজের ইউটিউব চ্যানেল শুরু করছেন তিনি। ২৪শে মে আনুষ্ঠানিকভাবে নিজের নামে এই চ্যানেলের মধ্যদিয়ে গানটি প্রকাশ হবে। জীবদ্দশায় শেষ যে গানটির রেকর্ডিং গাজী মাজহারুল আনোয়ার দেখেছিলেন, সেটিই এবার প্রকাশ পেতে যাচ্ছে নতুনভাবে। ‘মেঘলা আকাশ’ শিরোনামের এই গানটি লিখেছিলেন স্বয়ং এই গুণী গীতিকার। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সংগীতশিল্পী অপু আমান। এতে কণ্ঠ দিয়েছেন দিঠি ও অপু।

ইতিমধ্যেই গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। দিঠি জানিয়েছেন, ঈদ উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। এবার হচ্ছে সেটাই। এখন থেকে নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করবেন বলেও জানালেন দিঠি। তিনি বলেন, আব্বু তার জীবদ্দশায় এই গানটির রেকর্ডিং দেখেছিলেন। এটাই আমার কাছে সবচেয়ে বড় বিষয়। তাই গানটিকে ঘিরে আমার অনেক স্বপ্ন। আব্বু অপুকে খুব স্নেহ করতেন এবং নিজেই তাকে কয়েকটি গান সুর করার জন্য দিয়েছিলেন। ‘মেঘলা আকাশ’ তার মধ্যে অন্যতম। অপু অসাধারণ সুর করেছে, শুনলেই মন ভালো হয়ে যায়। এই গানটির মাধ্যমে আমার চ্যানেল চালু করতে যাচ্ছি, এটা আমার জন্য বড় ব্যাপার। আশা করছি, বাবার গানসহ বিভিন্ন মৌলিক গান নিয়ে এখন থেকে নিয়মিত আমাকে পাবেন শ্রোতা-দর্শক।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন