গত মার্চ মাসের শেষে ওড়িশার তালসারি সমুদ্রসৈকতে শুটিং চলাকালীন আকস্মিক দুর্ঘটনায় চিরদিনের মতো জীবন প্রদীপ নিভে যায় টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই মর্মান্তিক ঘটনার প্রায় দু’মাস কাটতে চললো।
তবে শোকের পাহাড় বুকে চেপেই একমাত্র সন্তান সহজকে আগলে নতুন করে লড়াই শুরু করেছেন তার স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। পুলিশি তদন্ত কোন পথে আছে তা নিয়ে এখনো ধোঁয়াশা। কিন্তু সহজকে নিয়ে নিজের মতো করে জীবন গোছানোর চেষ্টায় কমতি রাখছেন না নায়িকা। রাহুলের মৃত্যুশোক চেপে দায়িত্বশীল মা হিসেবে সন্তানকে আগলে রাখছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি যখন আবারো শুটিংয়ে ফেরার চেষ্টা করছেন অভিনেত্রী, তখন নেটপাড়ার একাংশের কটাক্ষের শিকার হতে হয়েছে তাকে। বিধবা স্ত্রীর এমন কাজে ফেরা বা সাজগোজ নিয়ে উড়ে এসেছে বাঁকা মন্তব্য। তবে এসবে পাত্তা দেননি প্রিয়াঙ্কা। সব নেতিবাচকতাকে উড়িয়ে দিয়ে নিজের জীবনের সবচেয়ে বড় শক্তি সহজকে নিয়ে সামাজিক মাধ্যমে একগুচ্ছ মিষ্টি ছবি শেয়ার করলেন তিনি। ছবি দিয়ে প্রিয়াঙ্কা ক্যাপশনে লিখেন, দায়িত্বশীল হওয়া আর ক্ষ্যাপামি করার মাঝামাঝি কোথাও।
ছবিগুলোতে দেখা যায়, লাইব্রেরির ব্যাকড্রপে মা ও ছেলে বইয়ের পাতায় মুখ গুঁজে বসে আছেন। সহজ যে বইটা পড়ছে তার প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা কেলেঙ্কারি। তবে সেই বইয়ের নাম বা বিষয়বস্তুর ওপর প্রিয়াঙ্কা মজার ছলে একটি স্টিকার বসিয়ে দিয়েছেন। ছেলে ঠিক কী বই পড়ছে, তা ভক্তদের কাছে একেবারে গোপন রাখতে চান প্রিয়াঙ্কা। বিপর্যয়ের কালো মেঘ কাটিয়ে প্রিয়াঙ্কা ও সহজের এই হাসিমুখের ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন টলিপাড়ার সহকর্মী ও ভক্তরা।
