নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে মানহানির মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন পোর্টালের কর্মকর্তা মো. আকাশ বাদী হয়ে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে মামলা করেন।
মামলার আসামি জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৪ আসনের জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীসহ অজ্ঞাত আরও ১৫-২০ জন। মামলার আইনজীবী এডভোকেট খোরশেদ আলম বলেন, মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে একটি মানহানিকর মামলা হয়েছে। বিগত ৩১শে জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি স্কুলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনপি জোটের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বিধিমালা লঙ্ঘন করে অভিভাবকদের টাকা প্রদান করেন। এ ঘটনায় তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
সেই ঘটনার দোষ তিনি স্বীকার করেছেন। পরে সেই টাকা প্রদানের বিষয়টি নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচার করা হলে বিষয়টি সারা দেশব্যাপী ভাইরাল হয়। পরে নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মনির হোসেন কাসেমীর পেজ থেকে আপত্তিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। বক্তব্য প্রচারের কয়েক ঘণ্টা পর ওই ভিডিওটি ডিলিট করা হয়।
তিনি বলেন, নিউজ নারায়ণগঞ্জের পক্ষ থেকে অফিস কর্মকর্তা মো. আকাশ এ বিষয়ে ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের কোর্টে দণ্ডবিধির ৫০০ এবং ৩৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় মুফতি মনির হোসাইন কাসেমীসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করেছেন।
নারায়ণগঞ্জ-৪
বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে মানহানির মামলা
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
