চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে হাইকমিশন কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতি দেখে তাদের সন্দেহ হয়। পরে একটি এম্বুলেন্সে করে মরদেহটি সেখান থেকে নিয়ে যেতে দেখা যায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে।
এ বিষয়ে জানতে হাইকমিশনারের ব্যক্তিগত সহকারী (পিএ) রবি কুমারের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন এক ব্যক্তি। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘নরেন ধর নামে কেউ মারা গেছেন কি না, সে বিষয়ে আমাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই। বিস্তারিত জানতে চাইলে অফিসিয়ালি ই-মেইল করতে পারেন। এর বেশি কিছু আপাতত জানানো সম্ভব নয়।’ এদিকে, এ ঘটনায় ভারতীয় সহকারী হাইকমিশনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
