পেকুয়াকে পৌরসভা ঘোষণায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপি’র মিছিল

ফন্ট সাইজ:

কক্সবাজারের পেকুয়াকে পৌরসভা ঘোষণা করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে র‌্যালি ও শোকরানা সভা করেছে বিএনপি। মঙ্গলবার সকাল ৯টার দিকে পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শোকরানা সভায় মিলিত হয়।
সভায় বক্তারা বলেন, পেকুয়াকে পৌরসভায় উন্নীত করার ফলে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা ও আধুনিক সেবা কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এজন্য তারা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট বলেন, দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে গত ১৭ই মে আনুষ্ঠানিকভাবে পেকুয়া পৌরসভার পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ হয়েছে। আমরা আজ পৌরবাসী হিসেবে নতুন পরিচয় লাভ করেছি। পেকুয়া উপজেলা প্রতিষ্ঠার পর এবার পৌরসভা প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এজন্য পেকুয়াবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় নেতা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আন্তরিক সালাম ও কৃতজ্ঞতা জানাই।

উপজেলা বিএনপি সভাপতি এম বাহাদুর শাহ বলেন, গত ১৭ই মে পেকুয়া পৌরসভা চূড়ান্ত রূপ লাভ করেছে। নির্বাচনী প্রচারণাকালে দেয়া প্রতিশ্রুতির ধারাবাহিক বাস্তবায়নের অংশ হিসেবেই সরকার পেকুয়াকে পূর্ণাঙ্গ পৌরসভা ঘোষণা করেছে। এজন্য পেকুয়া উপজেলার সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম বাহাদুর শাহ, সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, যুগ্ম সম্পাদক এম শাহ নেওয়াজ আজাদ, ওলামা দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন