এবার অস্ট্রিয়ার উৎসবে তুষির ‘রইদ’

এবার অস্ট্রিয়ার উৎসবে তুষির ‘রইদ’

ফন্ট সাইজ:

আসছে কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র ‘রইদ’। তার আগেই আরেকটি সুখবর জানা গেল। এবার ছবিটি জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)’র অফিসিয়াল প্রোগ্রামে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন। জানা গেছে, উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে ‘রইদ’। আগামী ২রা জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩রা জুন রাত ৯টা ২৫ মিনিটে ইনসব্রুক শহরে সিনেমাটির দু’টি প্রদর্শনী হবে।

এর আগে চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নাজিফা তুষির জন্যও এটি সময়ের গুরুত্বপূর্ণ অর্জন। সম্প্রতি তিনি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত আন্তর্জাতিকভাবে আলোচিত ওয়েব সিরিজ অ্যানি-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন; যা বিদেশের একটি ধারাবাহিক উৎসবে জায়গা করে নিয়েছে। চলচ্চিত্রটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন- মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও তুতুল ফকির।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু একটি চলচ্চিত্রের সাফল্য নয়, বরং বাংলাদেশের সমকালীন সিনেমার বৈশ্বিক উপস্থিতিরও ইতিবাচক ইঙ্গিত। লোকজ আবহ, নান্দনিক নির্মাণ ভাষা ও মানবিক গল্পের ‘রইদ’ ছবিটি আসছে ঈদের অন্যতম একটি ছবি। এ বিষয়ে তুষি বলেন, এটা খুব আনন্দের বিষয় যে আরেকটি মর্যাদাপূর্ণ উৎসবে ছবিটি জায়গা করে নিয়েছে। আর তার আগেই ঈদে দেশের দর্শকরা ছবিটি দেখতে পাবেন। সবমিলিয়ে বলা চলে ডাবল আনন্দ হচ্ছে। আমার বিশ্বাস, ছবিটি মুক্তি পেলে দর্শকদের মন জয় করবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন