সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার প্রতিশ্রুতি দিয়েছে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম। নির্বাচন কমিশনে অনিবন্ধিত ধর্মভিত্তিক এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করেন প্রয়াত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী। তার প্রতিষ্ঠিত এই দলের অনুসারীদের সংক্ষেপে ফুলতলী মসলক বলে সম্বোধন করা হয়। এদিকে স্থানীয় জমিয়তে উলামায়ে ইসলামও বিএনপি’র প্রার্থীকে সমর্থন জানিয়েছে। জমিয়তের প্রার্থী বিদ্রোহ করে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও নির্বাচনী মাঠে বেশ প্রভাব ফেলেছেন এ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পৌর শহরের সুপাতলা এলাকার লতিফিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয় যে, বিয়ানীবাজার-গোলাপগঞ্জের উন্নয়ন স্বার্থে এমরান আহমদ চৌধুরীকে বিজয়ী করার জন্য আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলাম এবং তাদের অনুসারীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। সভায় বিএনপি’র পক্ষে সিলেট জেলা বিএনপি’র শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আহমদ রেজা, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নজমুল হোসেন আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামের পক্ষে আল-ইসলাহর সংগঠক আব্দুর রহমান নিজামী, উপজেলা শাখার সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক গউছ উদ্দিন, পৌর সভাপতি হাজী বদরুল ইসলাম, উপজেলা তালামীযে ইসলামিয়ার সভাপতি হাফেজ জফরুল আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হিফজুর, পৌর শাখার সভাপতি রিফাত আহমদ, কলেজ সভাপতি মফিজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে বিয়ানীবাজার জমিয়তে উলামায়ে ইসলামের নেতাকর্মীরা সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দিয়েছেন। জমিয়তে উলামায়ে ইসলামের বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, উপদেষ্টা মাওলানা আব্দুল মতিন, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক আব্দুল হক কাসেমী, উপজেলা যুব জমিয়তের সহ-সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, পৌর ছাত্র জমিয়ত নেতা তোফায়েল আহমদ ও জমিয়ত নেতা রাজু আহমদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিয়ানীবাজারে জমিয়ত ও ফুলতলী মসলকের সমর্থন পেলো বিএনপি
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
