নারায়ণগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার সাঁটিয়ে স্লোগান দিয়েছে কয়েকজন নেতাকর্মী। বুধবার দুপুরে শহরের ২নং রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের এই ব্যানার সাঁটানো হয়। পরে আশপাশের লোকজন জড়ো হতে দেখে তারা স্থান ত্যাগ করেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এসে কয়েকজন যুবক জড়ো হন। এ সময় জরাজীর্ণ আওয়ামী লীগ কার্যালয়ের নিচতলায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ শাখার একটি ব্যানার সাঁটিয়ে তারা স্লোগান দেয়া শুরু করেন। এ সময় তারা, ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’, ‘নারায়ণগঞ্জের মাটি আওয়ামী লীগের ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি বঙ্গবন্ধু ঘাঁটি’, ‘নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাঁটি’ ইত্যাদি স্লোগান দেন। এ বিষয়ে জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, দুই নম্বর রেলগেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানার টানিয়ে তারা যে স্লোগান দিয়েছে এটা তারা রাষ্ট্রীয় আইন অমান্য করেছে। এই আইন অমান্য করার জন্য তাদের বিচার হতে পারে। যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তারা সরকারের কাছে আবেদন করে পরবর্তীতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারবে। যদি সরকার সেভাবে তাদেরকে অনুমতি দেয়।
তারা সরকারের কাছে আবেদন করুক আমরা সুষ্ঠু ধারায় রাজনীতিতে ফিরে আসতে চাই। গত ১৫ বছর তারা যে ফ্যাসিবাদের পরিচয় দিয়েছিল সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। আইন অমান্য করে তারা আজকে যেই স্লোগান দিয়েছে এটাও কিন্তু ফ্যাসিবাদের একটি অংশ। এ বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে গিয়ে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ছাড়া সেখানে কোনো ব্যানারও পাইনি। স্থানীয় কয়েকজনের মাধ্যমে জানতে পেরেছি, যারা স্লোগান দিয়েছিল তারাই ব্যানার সরিয়ে নিয়ে গেছে। নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
১৮ মাস পর নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে নেতাকর্মীদের স্লোগান
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে
১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
