যশোরের বেনাপোল স্থলবন্দরের রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ভারতীয় একটি পণ্যবাহী ট্রেনের বগির নিচে লুকিয়ে রাখা ৩২০ বোতল এস্কাফ মাদক জব্দ করেছে বিজিবি ও রেলওয়ে পুলিশের সদস্যরা। সোমবার (১৮ মে) রাত ১০টার দিকে বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সদস্যরা এ মাদকের চালানটি উদ্ধার করে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি সূত্র জানায়, ভারত থেকে পণ্যবাহী ট্রেনে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসছে। এমন খবরে বিজিবির একটি দল স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের বগির নিচে লুকিয়ে রাখা এসব মাদক উদ্ধার করে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বেনাপোল রেলস্টেশন এলাকার দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও কিছু অসাধু নিরাপত্তাকর্মীর যোগসাজশে মাদককারবারিরা ভারত থেকে ট্রেনযোগে এসব মাদক বাংলাদেশে নিয়ে আসছে। ভারতের বনগাঁ ও কলকাতা স্টেশন এলাকা থেকে মাদককারবারিরা ট্রেনের বগির ভেতর লুকিয়ে এগুলো বাংলাদেশে পাঠায়।
পরে ভারত থেকে ট্রেন বেনাপোল রেলওয়ে স্টেশনে পৌঁছালে গভীর রাতে স্থানীয় মাদককারবারিরা কৌশলে এগুলো নামিয়ে নেয়। বেনাপোল রেলওয়ে স্টেশনে মাস্টার আইনাল হোসেন জানান, এখন থেকে পণ্যবাহী ট্রেনে নজরদারি বাড়ানো হবে। তবে কে বা কারা পণ্যবাহী ট্রেনে মাদক পাচার করছে তাদের শনাক্তের চেষ্টা চলছে।
