নারী এমপিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

নারী এমপিদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফন্ট সাইজ:

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরা। বৈঠকে সংরক্ষিত নারী আসনের এমপিদের কাজের পরিধি, এলাকা বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। একইসঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিজ নিজ সংসদীয় এলাকায় বিএনপি’র এমপিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সংসদে রোল প্লে এবং তথ্যভিত্তিক বক্তব্য রাখার 
জন্য নারী এমপিদের পরামর্শ দেন। ওদিকে সংসদীয় বিভিন্ন কমিটিতে তাদের রাখার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকে এসব কথা বলা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেলা ৩টায় এই বৈঠক শুরু হয়ে শেষ হয় ৫টার দিকে।

সূত্রে জানা গেছে, বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের কাজের সঙ্গে সমন্বয় করে নিজেরা যাতে কাজ করতে পারেন- এমন দাবি জানিয়েছেন সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপিরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন বলেও সূত্রটি জানায়। সরকার দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের প্রস্তুতি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

সূত্রটি আরও জানায়, বৈঠকে সংরক্ষিত সংসদ সদস্যদের এলাকা বণ্টনের বিষয়ে আলোচনা হয়েছে। তবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আনুষ্ঠানিকভাবে দলের নারী এমপিদের এলাকা বণ্টন করা হবে বলে জানা গেছে। এ ছাড়া যেসব আসনে জামায়াতের সংসদ সদস্য আছে, সেসব এলাকায় সংশ্লিষ্ট নারী এমপিদের উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হবেন বলেও বৈঠকে আলোচনা হয়।

ওদিকে নিজ নিজ এলাকার মানুষ সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাছে বিভিন্ন কাজ ও দাবি জানিয়ে আসছে। এসব বিষয় কীভাবে তারা সমাধান করবে বলেও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপি। একইসঙ্গে তারা সংসদে তাদের ভূমিকা কি হবে তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। দ্বিতীয় সংসদ অধিবেশন শুরুর আগেই সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের এমপিদের প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ সরকারদলীয় সংরক্ষিত নারী আসনের ৩৬ জন এমপি উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন