ব্লকেডে অচল ডুয়েট

ব্লকেডে অচল ডুয়েট

ফন্ট সাইজ:

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটে নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালের নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা কাটেনি এখনো। ভিসি-বিরোধী আন্দোলনে ক্যাম্পাসে পালিত হয়েছে ব্লকেড কর্মসূচি। মেইন গেটে তালা ঝুলিয়ে দিনভর বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়ে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে শিক্ষক সমিতিও। জাতীয়তাবাদী ছাত্রদল বিকালে চলমান আন্দোলনে শিবিরের অপতৎপরতা উল্লেখ করে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে।

গতকাল সকাল থেকেই উত্তপ্ত ডুয়েট ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। ক্যাম্পাস জুড়ে চলে স্লোগান আর বিক্ষোভ। শিক্ষার্থীদের অভিযোগ, নতুন নিয়োগ পাওয়া ভিসিকে তারা কোনোভাবেই মেনে নেবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। তাদের অভিযোগ, রোববার সংঘর্ষে শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। জড়িতদের বিচারও দাবি করেন আন্দোলনকারীরা। কর্মসূচি চলাকালে দুপুরে শহীদ মিনার প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকের মধ্যে দাবি না মানলে রাতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় শিক্ষার্থী আমান উল্লাহসহ ছাত্র প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। এদিকে চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ডুয়েট শিক্ষক সমিতি।

বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি ড. অধ্যাপক খসরু মিয়া দ্রুত সংকট সমাধানের আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি উত্থাপন ও আন্দোলনের অধিকার যেমন সাংবিধানিক অধিকার, তেমনি সহিংসতা, হামলা, ভীতি প্রদর্শন, বহিরাগত হস্তক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছে শিক্ষক সমিতি। রোববারের ঘটনায় তিনি দুইজন শিক্ষক ও ১৮ জন শিক্ষার্থী আহত হওয়ায় সমবেদনা জানান। বিকালে ডুয়েট গেটের একটি কক্ষে ডুয়েট শাখা ছাত্রদল নতুন ভিসি’র যোগদানকে ঘিরে অরাজক পরিস্থিতির জন্য ছাত্রশিবিরকে দায়ী করে বলেন, ছাত্রদল কোনোভাবেই মারামারি বা বিশৃঙ্খলার সঙ্গে জড়িত নয়।

রোববার ভিসি সমর্থকদের সরব উপস্থিতি থাকলেও সোমবার তাদের কাউকে মাঠে দেখা যায়নি। সকাল সাড়ে ৮টার মধ্যে যারা গেটে এসেছেন ক্যাম্পাসে তারা প্রবেশ করেছেন, শুধু তাদেরই ভেতরে থাকতে দেয়া হয়েছে। পরে আসা কর্মকর্তা-কর্মচারীদের অনেককেই গেট থেকে ফিরে যেতে হয়েছে। সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা। ঈদের আগেই পরিস্থিতির সমাধান চান সংশ্লিষ্ট সবাই। ভিসি নিয়োগকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংকট এখন পুরো ডুয়েট ক্যাম্পাসকে অচল করে দিয়েছে। দাবি আদায়ে শিক্ষার্থীরা যেমন অনড়, তেমনি প্রশাসনিক সমাধানের অপেক্ষায় রয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।

ট্যাগসমূহ:

লিমা

২ মাস আগে

এসব প্রতিষ্ঠান দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এসব প্রতিষ্ঠান প্রকৃত মানুষ হবার প্রতিষ্ঠান। কিন্তু রাজনীতি ঢুকিয়ে এখন হলো অমানুষ গড়ার প্রতিষ্ঠান।

মন্তব্য করুন