ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে টানা ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে গত ১৩ই মে পেট্রোবাংলার চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, আগামী ২১শে মে থেকে ২রা জুন পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশনগুলো।
সরকারের নির্দেশনায় উল্লেখ করা হয়, ঈদুল আজহা উপলক্ষে মহাসড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। ঈদের দিনসহ ঈদের আগের সাতদিন এবং পরের পাঁচদিন ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।
এদিকে, রোজার ঈদের মতো এবারো এ ঈদে দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সরকারের ঘোষিত সূচি অনুযায়ী, ২৫ থেকে ৩১শে মে পর্যন্ত টানা সাতদিনের ছুটি থাকবে। তবে ঈদের ছুটির আগে ২৩ ও ২৪শে মে সরকারি অফিস খোলা থাকবে বলে মন্ত্রিসভার সিদ্ধান্তে জানানো হয়েছে।
