বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী পালনে ৮ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করা হয়। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। বলেন, আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানি সেক্টর কমান্ডার স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার স্মৃতিকে আমরা বারবার স্মরণ করি।
তার স্মৃতি আমাদের কাছে সবসময় জাগরুক, দেশের মানুষের কাছে জাগরুক। তার শাহাদতবার্ষিকী উপলক্ষে আমরা ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত ৮ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি। এর মধ্যে ঈদুল আজহা পড়বে, এজন্য কোনো অঙ্গসংগঠন যদি আলোচনা সভা দুই-একদিন পরেও করে অসুবিধা নেই। তবে আমাদের কর্মসূচি ২৫শে মে থেকে ১লা জুন পর্যন্ত চলবে।
কর্মসূচির মধ্যে আছে, ৩০শে মে সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দলের সিনিয়র নেতারা পুষ্পমাল্য অর্পণ করবেন এবং তারা ওলামা দলের আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। ৩১শে মে বেলা ২টায় রমনার ইনঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা হবে।
জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো পোস্টার প্রকাশ এবং আলোচনা সভা করবে। দিবসটি উপলক্ষে ৩০শে মে ভোরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়ে দলীয় পতাকা অধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করা হবে বলে জানান রিজভী।
ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের উদ্যোগে বিভিন্ন থানায় দুস্থদের মধ্যে চাল-ডালসহ বস্ত্র বিতরণ করা হবে। এ ছাড়া জেলা, মহানগর, উপজেলাসহ সকল ইউনিটে শহীদ জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দুস্থদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হবে।
সংবাদ সম্মেলনে বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী-খান সোহেল, কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, হাবিবুল ইসলাম হাবিব, মুনির হোসেন, তারিকুল আলম তেনজিং, মহানগর বিএনপি’র এসএম জাহাঙ্গীর, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানি, যুবদলের নুরুল ইসলাম নয়ন, মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক আজিজ উলফাত, ছাত্রদলের নাসির উদ্দীন নাছির, জাসাসের হেলাল খান, জাকির হোসেন রোকন, তাঁতী দলের আবুল কালাম আজাদ, শ্রমিক দলের মনজুরুল ইসলাম মঞ্জু, ওলামা দলের মো. সেলিম রেজা, কাজী মোহাম্মদ আবুল হোসেন, মহিলা দলের শাহিনুর নার্গিস, কৃষক দলের রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
