ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পকে রাজস্ব খাতে স্থানান্তর, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদের সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ সিলেট জেলা ও বিভাগীয় কমিটি। সোমবার সিলেট প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবিদ হাসান। লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রকল্পের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে স্বল্প ভাতা ও অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। ইতিমধ্যে তারা সিলেট জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে তাদের দীর্ঘদিনের বঞ্চনার বিষয় তুলে ধরেছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম একটি বৃহৎ ও যুগান্তকারী শিক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নমূলক প্রকল্প। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে ১৯৯৩ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে দ্রুত প্রকল্পটিকে রাজস্ব খাতে স্থানান্তর, সকল শিক্ষক-শিক্ষিকা, কেয়ারটেকার ও সংশ্লিষ্ট জনবলকে সরকারি গ্রেডে বেতন-ভাতা প্রদান এবং চাকরির স্থায়িত্ব ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা কোনো অনৈতিক বা অযৌক্তিক দাবি করছি না। আমরা শুধু আমাদের ন্যায্য অধিকার চাই, যা আমাদের দীর্ঘদিনের পরিশ্রম ও অবদানের স্বীকৃতি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি কে. এম. মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক ক্বারী আব্দুল হাকিম, সহ-সভাপতি ইদ্রিস আহমদ জাকারিয়া, জেলা সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদ ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক। আরও উপস্থিত ছিলেনÑ মাওলানা আশিকুর রহমান, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জিবাল উদ্দিন রেহান, মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা এমদাদ হোসেন, মাওলানা জহুর উদ্দিন, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কবির আহমদ ও ক্বারী মাওলানা শফিকুর রহমান প্রমুখ।
