সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হাজী ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, কোষাধ্যক্ষ আব্দুস শহীদসহ শ্রমিক নেতৃবৃন্দের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সিলেট বিভাগে ১৯শে মে থেকে আহূত অনির্দিষ্টকালের পরিবহন শ্রমিক কর্মবিরতি ৬ই জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে মতবিনিময় শেষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভায় কর্মসূচি স্থগিত করা হয়। সন্ধ্যায় দক্ষিণ সুরমা বাবনা পয়েন্টস্থ ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদি সাইফুল, কার্যকরী সভাপতি স্বপন আহমদ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির কার্যকরী সভাপতি নাজিম লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান তারেক, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাদেক খান, জেলা ট্রাক- পিকআপ-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি কাওসার আহমদ, সাধারণ সম্পাদক মাসুম লস্কর, জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাহেব আলী, সহ- সভাপতি মানিক মিয়া, সহ-সাধারণ সম্পাদক মাহবুব মিয়া মবু প্রমুখ। সভায় নেতৃবৃন্দ বলেন, গত রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সঙ্গে ফেডারেশনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসএমপি কমিশনার সুষ্ঠু তদন্তসাপেক্ষে নির্দোষ নেতৃবৃন্দকে মামলা থেকে অব্যাহতি প্রদানের বিষয়ে আশ্বস্ত করেছেন। একইসঙ্গে প্রাথমিক তদন্তে ঘটনায় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া না গেলে নেতৃবৃন্দকে গ্রেপ্তার ও হয়রানি করা হবে না বলেও আশ্বস্ত করেছেন।
