তালা উপজেলা থানার সংলগ্ন বহুল ব্যবহৃত একটি ডিপ টিউবওয়েল দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পড়ে রয়েছে। একসময় এলাকার হাজারো মানুষের নিরাপদ পানির অন্যতম প্রধান উৎস হিসেবে পরিচিত এই টিউবওয়েলটি বর্তমানে প্রায় অচল অবস্থায় রয়েছে। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকার মানুষও পড়েছেন চরম দুর্ভোগে।
জানা যায়, এই ডিপ টিউবওয়েলটি শুধু তালা উপজেলার মানুষের জন্য নয়, পাশের পাইকগাছা, কপিলমুনি ও কয়রা এলাকার অসংখ্য মানুষের কাছেও ছিল অত্যন্ত পরিচিত ও নির্ভরযোগ্য পানির উৎস। সুস্বাদু ও বিশুদ্ধ পানির কারণে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। একসময় দূর-দূরান্ত থেকে মানুষ এখানে পানি সংগ্রহ করতে আসতেন। পরবর্তীতে বিভিন্ন এলাকায় নতুন নতুন ডিপ টিউবওয়েল স্থাপন হওয়ায় এর ব্যবহার কিছুটা কমে এলেও এখনো প্রতিদিন শতশত মানুষ এখান থেকে পানি সংগ্রহ করেন।
সরজমিন গিয়ে দেখা গেছে, তালা থানার পার্শ্ববর্তী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের জমি সংলগ্ন টিউবওয়েলটির অবস্থা অত্যন্ত নাজুক ও ঝুঁকিপূর্ণ। টিউবওয়েলের ফ্লোর সম্পূর্ণ ভেঙে গেছে এবং বর্তমানে বাঁশের ঠেকা দিয়ে কোনোরকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া হ্যান্ডেল ভাঙা, পাইপলাইনে একাধিক স্থানে লিকেজ এবং পানির স্বাভাবিক প্রবাহে বিঘ্ন সৃষ্টি হওয়ায় এটি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। চারপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিবেশকে আরও অস্বাস্থ্যকর করে তুলেছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কোনো উদ্যোগ চোখে পড়েনি। ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই সাধারণ মানুষকে পানি সংগ্রহ করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা সৈয়দ রাজিবুল ইসলাম বলেন, এই টিউবওয়েলটি একসময় পুরো এলাকার প্রাণ ছিল। এখন এটি ভেঙে পড়ে আছে। বাঁশ দিয়ে ঠেকা দিয়ে রাখা হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অন্যদিকে রোজিনা বেগম জানান, আগে খুব সহজে এখান থেকে পানি নেয়া যেত। এখন পানি আনতে কষ্ট হয়, আবার ভয়ও লাগে। ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখানে আসা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এ বিষয়ে তালা উপজেলার উপ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাসনাত কাজল জানান, টিউবওয়েলটির বিষয়ে তিনি অবগত হয়েছেন। কিন্তু সরকারি ভাবে কোন বরাদ্দ না থাকায় সেটি সংস্কারের জন্য পদক্ষেপ নেয়া সম্ভব হয়ে উঠেছে না। তবুও তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রকাশ করেন। এমতাবস্থায় এলাকাবাসী দ্রুত টিউবওয়েলটি সংস্কার অথবা নতুন একটি ডিপ টিউবওয়েল স্থাপনের জোর দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।
