ভারতে চিকিৎসাধীন অবস্থায় অকাল প্রয়াত হওয়া জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারকে মুন্সিগঞ্জের গজারিয়ায় চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সোমবার সকালে গজারিয়া উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে তার চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁর নানী বাড়ির আঙিনায় তাকে সমাহিত করা হয়। এসময় কারিনাকে শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। এর আগে রোববার বিকেলে কারিনার মরদেহ বাংলাদেশে পৌঁছায়। এরপর বাদ মাগরিব রাজধানীর ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা এবং রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপনের জন্য তার মরদেহ নেওয়া হয়। গত ১৫ মে ভারতের চেন্নাইয়ের ভেলোরে অবস্থিত ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন কারিনা। মৃত্যুর পাঁচদিন আগে, ১১ মে রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হয়েছিল।
গত ৯ মে সামাজিক যোগাযোগমাধ্যমে কারিনার অসুস্থতার খবর নিশ্চিত করেন ‘ডানা ভাই’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। সেদিন দুপুরে এক পোস্টে ডানা লিখেছিলেন, চিকিৎসকরা জানিয়েছেন কারিনার হেপাটাইটিস এ এবং ই ধরা পড়েছে, যা থেকে তার লিভার ফেইলর হয়েছে। ও আইসিইউতে ছিল, কিন্তু গত রাত থেকে ওকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হাসপাতালে ভর্তির প্রায় এক সপ্তাহ আগে থেকেই জ্বরে ভুগছিলেন তিনি। গত ৮ মে রাতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
