সংসদে পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গড়ার উদ্যোগ

সংসদে পিছিয়ে পড়া মানুষের পক্ষে জোট গড়ার উদ্যোগ

ফন্ট সাইজ:

জাতীয় সংসদে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কণ্ঠস্বর আরও কার্যকরভাবে তুলে ধরা এবং জবাবদিহিতা শক্তিশালী করার লক্ষ্যে একটি সংসদীয় ককাস গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

রোববার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ’-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে এই উদ্যোগ নেয়া হয়। সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, 'সংসদ-সদস্য হওয়ার আগেও আমি সংখ্যালঘু, মানবাধিকার ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিয়ে কাজ করেছি। যার ফলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গারো ও হাজং সম্প্রদায় দ্ব্যর্থহীনভাবে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছে। এই প্রান্তিক সম্প্রদায়গুলোকে মূলধারার সাথে সংযুক্ত করার মাধ্যমে তাদের দুর্দশা লাঘবের জন্যে আমি প্রতিশ্রুতিবদ্ধ।'

ওয়েস্টমিনিস্টার পদ্ধতির সংসদীয় ব্যবস্থার কথা উল্লেখ করে ডেপুটি স্পিকার আরও বলেন, 'সংসদে সংসদীয় ককাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আগ্রহী সংসদ-সদস্যদের সমন্বয়ে ককাস গঠনের মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। বর্তমান সংসদের তরুণ এমপিরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে সর্বদা কাজ করে যাচ্ছেন।'

বৈঠকে নাগরিক প্ল্যাটফর্মের প্রতিনিধিদল জানায়, এই প্ল্যাটফর্মটি মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিসহ সমাজের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে সংশ্লিষ্ট অংশীজনদের কার্যক্রম পরিচালনায় সহায়তা দিয়ে থাকে। এই লক্ষ্যসমূহ সুনির্দিষ্টভাবে এগিয়ে নিতে একটি স্বাধীন সংসদীয় ককাস গঠনের প্রয়োজনীয়তা রয়েছে বলে তারা উল্লেখ করেন।
আলোচনাকালে উভয় পক্ষ মানসম্পন্ন শিক্ষা, জনসেবা, সুশাসন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য পোষণ করেন।

সাক্ষাৎকালে নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপ সদস্য ও সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, উইম্যান উইথ ডিজএ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডব্লিউডিডিএফ) নির্বাহী পরিচালক আশরাফুন নাহার মিষ্টি, নাগরিক প্ল্যাটফর্মের নেটওয়ার্ক ফোকাল পয়েন্ট তারান্নুম জিনান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন