এলো রুনা লায়লা-বাপ্পা’র ‘অনায়াসে’

এলো রুনা লায়লা-বাপ্পা’র ‘অনায়াসে’

ফন্ট সাইজ:

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার সঙ্গে গানে কণ্ঠ মেলালেন জনপ্রিয় গায়ক ও সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বেশ আগেই গানটির ঘোষণা এসেছিল, এবার এক মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মধ্যদিয়ে গানটি প্রকাশ হয়েছে। ‘অনায়াসে’ শিরোনামের নতুন গান নিয়ে হাজির হয়েছেন এই দুই তারকা। শনিবার রাতে বাপ্পা মজুমদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটি প্রকাশের পর থেকেই শ্রোতাদের প্রশংসায় ভাসছে। ‘অনায়াসে’ গানটির কথা লিখেছেন গালিব হাসান।

এর সুর, সংগীতায়োজন এবং মিউজিক ভিডিও পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার নিজেই। গানটি ‘অনুভব’ অ্যালবামের অংশ হিসেবে অগ্নিলীলা রেকর্ডসের ব্যানারে নির্মিত হয়েছে। এতে তবলার আয়োজন করেছেন পল্লব স্যানাল, বেজ গিটারে ছিলেন জন এস মুন্সী এবং রেকর্ডিং, মিক্সিং ও মাস্টারিং করেছেন সৈয়দ আমজাদ হোসেন।
ইউটিউবে প্রকাশের পর থেকেই শ্রোতারা মেতে আছেন ‘অনায়াসে’ গানে।

কমেন্ট বক্সে চোখ রাখলেই দেখা যাচ্ছে শ্রোতাদের মুগ্ধতার ছাপ। নেটিজেনদের অনেকেই গানটিকে ‘মাস্টারপিস’ হিসেবে আখ্যা দিয়েছেন। রুনা লায়লা বলেন, বাপ্পা গানটি শোনানোর পরই গানটি ভালো লেগেছিল। ‘অনায়াসে’ এবার প্রকাশ পেলো। আমার বিশ্বাস, গান যারা বোঝে তাদের ভালো লাগবে। বাপ্পা বলেন, রুনা আন্টির সঙ্গে গাইতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। ভালো লাগছে খুব। গানটি নিয়ে শ্রোতাদের মন্তব্য শোনার অপেক্ষায় আছি।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন