ক’দিন আগে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনেন চিত্রনায়িকা হুমায়রা সুবাহ। এবার স্বামী হাসানের বিরুদ্ধে আনলেন পরকীয়া, মানসিক নির্যাতন ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে সুবাহ দাবি করেন, সুন্দর ও শান্তিপূর্ণ সংসারের আশায় তিনি ইসলামিক শরিয়াহ অনুযায়ী বিয়ে করেছিলেন। তবে বিয়ের পর থেকেই তিনি মানসিক চাপ, অপমান, ভয়ভীতি এবং ইমোশনাল ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন।
তার ভাষ্য, তার স্বামী একাধিক নারীর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন এবং ভবিষ্যতে আরও কয়েকটি বিয়ের ইঙ্গিত দিয়েছেন। এসব বিষয়ে আপত্তি জানালে তাকে নীরব থাকার চাপ দেয়া হতো, নতুবা সম্পর্ক শেষ করে দেয়ার হুমকি দেয়া হতো বলেও অভিযোগ করেন তিনি। সুবাহ আরও জানান, অতীত জীবন নিয়ে তাকে বারবার অপমান ও ছোট করা হয়েছে।
বিভিন্ন নায়িকা, গায়িকা ও অন্য নারীদের সঙ্গে তার স্বামীর সম্পর্কের বিষয় তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। তিনি বলেন, বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং এরপর থেকে তিনি নানা ধরনের হুমকি ও মানসিক নির্যাতনের মুখোমুখি হচ্ছেন। সুবাহ দাবি করেন, তার কাছে এসব ঘটনার প্রমাণ রয়েছে এবং সময় হলে তা প্রকাশ করবেন।
