বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি আবারো আলোচনার কেন্দ্রে। এবার ব্যক্তিগত জীবন ও ভবিষ্যতে মেয়েকে নিয়ে তার খোলামেলা মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। সম্প্রতি এক পডকাস্টে মাতৃত্ব, সম্পর্ক এবং জীবনবোধ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, আমি আমার মেয়ের জীবনে কোনো আক্ষেপের সাক্ষী থাকতে চাই না। আমি একেবারেই চাই না ও ভাবুক একজনের সঙ্গে ডেটিংয়ে যেতে হবে। কিংবা তাকেই বিয়ে করতে হবে। কোনো বিধিনিষেধ নেই। চাইলে বিয়ে করবে। না চাইলে নাও করতে পারে।
কিয়ারা মেয়েকে বলবেন, চাইলে একাধিক পুরুষের প্রেমে পড়তে পারে। ডেটিংয়েও যেতে পারে। অভিনেত্রী জানান, তিনিও নাকি একাধিকবার ডেটিংয়ে গেছেন। একসময় ভেবেছিলেন হয়তো তাদের একজনকেই হয়তো বিয়ে করবেন। তবে তিনি যে শেষমেশ সত্যিকারের ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছেন তাতে নিজেকে ‘ভাগ্যবতী’ বলেই মনে করেন কিয়ারা। তবে এই মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। অনেকে দাবি করেছেন, কিয়ারার এই মনোভাব ভারতীয় সংস্কৃতি ও পারিবারিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। যদিও অন্য একাংশ মনে করছেন, অভিনেত্রী কেবল নিজের মেয়েকে স্বাধীনভাবে জীবন বেছে নেয়ার সাহস দিতেই এমন মন্তব্য করেছেন।
এদিকে, বিতর্কে জড়ানো কিয়ারার জন্য নতুন কিছু নয়। এর আগেও ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিজ’-এ সাহসী দৃশ্যে অভিনয় করে আলোচনায় এসেছিলেন তিনি। সমালোচনার পাশাপাশি অভিনয় দক্ষতার জন্য প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী। বর্তমানে কিয়ারা ব্যস্ত ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোনআপস’ ছবির কাজ নিয়ে।
