কর্ণফুলীর খালমুখে ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে ৩ প্রতিমন্ত্রী

কর্ণফুলীর খালমুখে ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে ৩ প্রতিমন্ত্রী

ফন্ট সাইজ:

চট্টগ্রামের কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত মহেশখালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খালের মুখ পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী। শনিবার নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এ পরিদর্শনে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহ। তিনি প্রতিমন্ত্রীদের কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষা, খালমুখে ড্রেজিং কার্যক্রম এবং পানিপ্রবাহ স্বাভাবিক রাখতে নেয়া উদ্যোগ সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বন্দর কর্তৃপক্ষ জানায়, কর্ণফুলী নদী ও এর সঙ্গে সংযুক্ত খালগুলোর মুখে নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে।

এর ফলে নগরীর পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হচ্ছে এবং আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমাতে তা সহায়ক ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের। সূত্র জানায়, কর্ণফুলীর সদরঘাট থেকে শাহ আমানত সেতুর উজান পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নেভিগেশনাল চ্যানেল এবং নদীর সঙ্গে সংযুক্ত আটটি গুরুত্বপূর্ণ খালে বছরে প্রায় ১৫ লাখ ঘনমিটার ড্রেজিং করা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বজায় থাকার পাশাপাশি পলি জমাও কমছে। বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, খালগুলোর মুখে ড্রেজিং কার্যক্রমে এখন পর্যন্ত প্রায় ৮৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এ উদ্যোগের ফলে চট্টগ্রাম সিটি করপোরেশনের বিপুল অর্থ সাশ্রয় হয়েছে বলেও দাবি করা হয়।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রীরা নদী ও খালমুখ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে বর্ষা মৌসুমে নদীমুখ ভরাট হয়ে যাতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সে বিষয়ে সতর্ক নজর রাখার জন্য বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ-এর পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুক, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার ওবায়েদুর রহমান, ভারপ্রাপ্ত পরিচালক (পরিবহন) গোলাম মোহাম্মদ সারোয়ারুল ইসলাম, পরিচালক (নিরাপত্তা) লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন