পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর টলিউডে নতুন করে শুরু হয়েছে নানা আলোচনা। চলচ্চিত্র অঙ্গনে রাজনৈতিক প্রভাব, কাজ পাওয়া না পাওয়া এবং শিল্পীদের বঞ্চনার অভিযোগ নিয়ে মুখ খুলছেন অনেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেত্রী পায়েল সরকার। সম্প্রতি ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠানে দেখা যায় পায়েলকে। দীর্ঘদিন পর কোনো চলচ্চিত্র সংশ্লিষ্ট আয়োজনে উপস্থিত হয়ে তিনি জানান, গত কয়েক বছরে টলিউডের বহু অনুষ্ঠানেই তাকে আমন্ত্রণ জানানো হয়নি।
পায়েলের ভাষ্য, আগে সব অনুষ্ঠানে ডাক পেতেন এমন নয়, আবার ব্যক্তিগত কারণেও অনেক জায়গায় যাওয়া হয়নি। তবে অনেক অনুষ্ঠান থেকে তাকে ইচ্ছাকৃতভাবে দূরে রাখা হয়েছে বলেও ইঙ্গিত দেন এই অভিনেত্রী। তিনি বলেন, রাজনীতির সঙ্গে শিল্পের সম্পর্ক থাকা উচিত নয়। বহুবার এমন হয়েছে কোনো কাজের বিষয়ে কথা এগোনোর পর শেষ মুহূর্তে বাদ দেয়া হয়েছে। এমনকি বাসা থেকে বের হওয়ার সময় ফোন করে পরে জানানো হবে বলা হলেও পরে অন্য অভিনেত্রীকে নেয়া হয়েছে।
কিছুদিন আগে গুঞ্জন ওঠে, বেশি পারিশ্রমিক চাওয়ার কারণে নাকি তাকে ছবিতে নেয়া হচ্ছিল না। তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে পায়েল বলেন, পারিশ্রমিক নিয়ে আলোচনার আগেই অনেক সময় তাকে বাদ দেয়া হতো। এ ছাড়া, ২০১৬ সালের পারিশ্রমিক এখন আর নেয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আগামী দিনে
সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হবেন কি না- এমন প্রশ্নে স্পষ্ট কোনো উত্তর দেননি পায়েল। সবকিছু সময়ের ওপরই ছেড়ে দিয়েছেন বলে জানান এই অভিনেত্রী।
