শোবিজ অঙ্গনের তারকারা নিজেদের চেহারা ও বয়স ধরে রাখতে প্লাস্টিক সার্জারি ও কসমেটিক ট্রিটমেন্ট করে থাকেন। এ নিয়ে বিনোদন জগতে আলোচনার শেষ নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী তমা মির্জা। স্বীকারোক্তি দেন নিজের সার্জারি করার। সেখানে তিনি বর্তমান সময়ের অভিনেত্রীদের সৌন্দর্য চর্চা ও বিভিন্ন অ্যাস্থেটিক পদ্ধতি নিয়ে নিজের মত প্রকাশ করেন।
তমা মির্জা বলেন, এখন যাদের সিনেমা রিলিজ হচ্ছে, তারা অধিকাংশই অ্যাস্থেটিক করে। একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা। ও একদম রিয়েল বিউটি। আর সবারই আমার মতো হয়তো মনে হয়েছে যে, কিছু জিনিস করা দরকার। চেহারার পরিবর্তন ও সৌন্দর্য ধরে রাখার বিভিন্ন পদ্ধতি নিয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি এটা অ্যাপ্রিশিয়েট করি। আমি মোটেও এটার বিপক্ষে নই, আমি তাদের বিপক্ষে; যারা বিভিন্ন পদ্ধতির হেল্প নিয়েও লুকাতে চায়। ১৫ বছর আগের আমি আর এখনের আমি’র মধ্যে যে কেউ দেখলেই পরিবর্তন পাবেন।
তিনি আরও বলেন, তবে বয়সের সঙ্গে সঙ্গে মানুষের চেহারা যে পরিবর্তন হয়, ওইটা আলাদা। এর বাইরে মৌলিক কিছু জিনিস বোঝাই যায় যে, চেঞ্জ হয়েছে। আমার খুব খারাপ লাগে অস্বীকার বিষয়টা। তমা মির্জা আরও জানান, শুধু নারীরাই নন, বর্তমানে পুরুষরাও বিভিন্ন ধরনের সৌন্দর্যবর্ধক ট্রিটমেন্ট নিচ্ছেন।
