নাটোরের সিংড়ায় গভীর রাতে একটি বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের কর্তা আলম প্রামাণিক জানান, রাতের আঁধারে অজ্ঞাতনামা সংঘবদ্ধ ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা আলম প্রামাণিকের পুত্রবধূ শ্রাবণী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়-ভীতি দেখিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয়।
লুট হওয়া মালামালের মধ্যে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা রয়েছে বলে পরিবারের দাবি। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে পরে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুুলিশের একাধিক টিম কাজ করছে।
