আসন্ন ঈদকে ঘিরে সিনেমা অঙ্গনে চলছে ‘রকস্টার’ উন্মাদনা। ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত এই ছবিটির টিজার ও পোস্টার প্রকাশের পর থেকেই নেটিজেনদের আগ্রহ তুঙ্গে। সদ্য মুক্তি পাওয়া সিনেমাটির ‘পিরিতি’ গানটিতে বিধ্বস্ত এবং কারাবন্দী লুকে শাকিবকে দেখে দর্শকরা রীতিমতো চমকে গেছেন।
এবার পর্দার বাইরে এক ইভেন্টে ঝলমলে ও প্রাণোচ্ছল লুকে হাজির হলেন এই তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন শাকিব খান। মূলত একটি গালা নাইটে অংশ নিয়েছিলেন নায়ক। সেখানে তাকে এক নতুন স্টাইলিশ লুকে দেখা যায়। চোখে আধুনিক সানগ্লাস, পরনে কারুকাজ করা কালো ব্লেজার এবং মুখে চওড়া হাসি।
ছবির ক্যাপশনে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, তোমাদের সবার সাথে এই ধরণের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার চেয়ে ভালো অনুভূতি আর নেই। শাকিবের এই পোস্টটি দেখেই ভক্তরা তার লুকের প্রশংসায় পঞ্চমুখ। কেউ তাকে ‘কিং খান’ বলে সম্বোধন করছেন, আবার কেউ লিখেছেন, আসল রকস্টার তো আপনিই ভাই।
