চট্টগ্রামে মোশাররফের জানাজার পর ‘জয় বাংলা’ স্লোগান , গ্রেপ্তার ১৯

ফন্ট সাইজ:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনায় ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে একদল নেতাকর্মী জামিয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল বের করে।

এ সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেয় এবং তাদের হাতে লাঠিসোটা ও ইটপাটকেল ছিল বলে দাবি পুলিশের। কোতোয়ালি থানার এসআই শরীফ উদ্দিন ঘটনাস্থলে দায়িত্ব পালনকালে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করলে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলে অংশ নেয়া ব্যক্তিরা আশপাশের বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১৫টি ভাঙা ইটের টুকরা ও আটটি কাঠের লাঠি জব্দ করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে যুবলীগের কয়েকজন নেতাও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ একাধিক মামলার অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতার পরিকল্পনা, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন ও সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।






ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন