বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩২ বিলিয়ন ডলার

ফন্ট সাইজ:

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন ডলার। চলতি মে মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৭৪ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.৫ শতাংশ বেশি। গত বছরের এই সময়ে দেশে রেমিট্যান্স প্রবাহ ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানা গেছে, ১৩ই মে একদিনেই ১৩ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের রিজার্ভের এই অবস্থান বৈদেশিক খাতের স্থিতিশীলতাকেই তুলে ধরে। এদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১লা জুলাই থেকে ১৩ই মে পর্যন্ত মোট রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার।

আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ ডলার। এ হিসেবে চলতি অর্থবছরে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ২০.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

ওদিকে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে পাঁচটি বাণিজ্যিক ব্যাংক থেকে বৃহস্পতিবার ১২২ টাকা ৭৫ পয়সা দরে ৪ কোটি ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, চলতি মে মাসে এ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক ২১ কোটি ডলার ক্রয় করেছে। এ ছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক এ পর্যন্ত মোট ৫৮৮ কোটি ৩৫ লাখ ডলার ক্রয় করেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন