বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ‘বিমানের সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা বিমানের টিকিটিংয়ের সিন্ডিকেশনের ব্যাপারে পদক্ষেপ নেয়ার কথা ভাবছি। আমি অনেক তথ্য পেয়েছি যে, আমাদের বিমান খালি যায় অথচ টিকিট পাওয়া যায় না। অনেকে টিকিট পাচ্ছে না, অথচ বিমান যাচ্ছে সিট খালি রেখে। এই সিন্ডিকেট ভাঙার জন্য পরিকল্পনা দরকার।’ বুধবার সচিবালয়ে প্রথম কর্মদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি আরও বলেন, ‘‘আমাদের এয়ারপোর্টে এমন একটা অবস্থা যে যাত্রীরা আসার পর লাগেজ পাওয়ার জন্য এক ঘণ্টা, দুই ঘণ্টা অপেক্ষা করতে হয়। সেগুলো যাতে ত্বরান্বিত করা যায় এবং প্যাসেঞ্জার আসার পর যাতে ইমিগ্রেশন শেষ করতে করতেই তাদের লাগেজগুলো পেয়ে যায়, এ ধরনের একটি পদক্ষেপ আমরা নিয়েছি। যাতে করে একটা ‘ভাইব’ পাওয়া যায় যে, নতুন একটা পরিবর্তন এসেছে। আমরা চেষ্টা করব একটা পরিবর্তনের আবহ দেয়ার জন্য, যাতে অন্তত একজন প্রবাসী আসার পর বুঝতে পারেন যে কিছু একটা পরিবর্তন হয়েছে। সম্ভবত আমরা এক সপ্তাহ বা দুই সপ্তাহের মধ্যেই কিছু দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারব।’
প্রতিমন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিষয়েও তদন্ত হবে। দুর্নীতির দায়ে অনেকেই অলরেডি জেলে আছেন, তবে দুর্নীতি এখনও সম্পূর্ণ মুক্ত হয়নি। সেগুলো চেক দেয়ার জন্য আমাদের চেষ্টা চলবে। আমরা এ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। বিশেষ করে পর্যটনের ব্যাপারেও আমরা অনেক চিন্তাভাবনা করেছি, সুদূরপ্রসারী পরিকল্পনা করেছি।’
