হুমকির মুখে বাঁধ

হুমকির মুখে বাঁধ

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ শহর রক্ষাকারী খোয়াই নদীর বাঁধ এখন হুমকির মুখে। শায়েস্তাগঞ্জ থেকে খোয়াই ব্রিজ পর্যন্ত বাঁধের ওপর থাকা শতাধিক গাছ কেটে সাবাড় করে দিচ্ছে একটি প্রভাবশালী চক্র। এতে বাঁধ দুর্বল হয়ে পড়ছে ও বর্ষা মৌসুমের আগেই শহরবাসী উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত এই গাছকাটা বন্ধ না হলে যেকোনো সময় বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার ঘটনা ঘটতে পারে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা থেকে বিকাল পর্যন্ত একদল লোক প্রকাশ্যে করাত ও কুড়াল দিয়ে বাঁধের ওপর থাকা বিভিন্ন প্রজাতির প্রায় দুই শতাধিক গাছ কেটে নিয়ে যায়।

ঘটনাস্থলে লোকজন থাকলেও প্রভাবশালীদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাননি। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই একটি সংঘবদ্ধ চক্র নদীর বাঁধের সরকারি গাছ কেটে বিক্রি করে আসছে। আগেও একাধিকবার গাছকাটা হলেও রহস্যজনক কারণে কোনো কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, খোয়াই নদীর বাঁধ শুধু শহর রক্ষার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বাঁধের ওপর থাকা গাছগুলো মাটির দৃঢ়তা ধরে রাখতে বড় ভূমিকা পালন করে। এসব গাছ নির্বিচারে কেটে ফেলার ফলে বাঁধের মাটি দুর্বল হয়ে পড়ছে। বর্ষায় অতিবৃষ্টি কিংবা উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধ ক্ষতিগ্রস্ত হলে পুরো হবিগঞ্জ শহর ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “দিনের আলোতেই ট্রাক্টর দিয়ে গাছ নিয়ে যাওয়া হচ্ছে। সবাই দেখছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ হতে পারে। ঘটনার বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ প্রশাসনকে অবহিত করেছেন স্থানীয়রা। তাদের দাবি, সরকারি সম্পদ রক্ষায় দ্রুত অভিযান চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ ছাড়া ভবিষ্যতে যেন আর কোনো গাছ কাটতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে। শায়েস্তাগঞ্জ থানার একজন অফিসার বলেন, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কয়েকজনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ জরুরিভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।



কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন