ইবি’র নতুন ভিসি হলেন ড. এ কে এম মতিনুর রহমান

ইবি’র নতুন ভিসি হলেন ড. এ কে এম মতিনুর রহমান

ফন্ট সাইজ:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও চ্যান্সেলর মোহাম্মদ সাহাবুদ্দিনের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম ভিসি ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হন।

প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর দায়িত্ব পালন করবেন। এ পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স এবং অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম.এ ডিগ্রি অর্জন করেছেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অধীনে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেছেন।
তিনি বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) কেন্দ্রীয় সহ-সভাপতি এবং ইসলামী বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক হিসেবে নিয়োজিত আছেন। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগের আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় সভাপতি, প্রেস প্রশাসক, প্রক্টর, হল প্রভোস্ট এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া, তিনি বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের নির্বাচিত সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন