পশ্চিমবঙ্গে শপথ গ্রহণের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার একটি অনলাইন ট্র্যাকার চালু করেছে। এই ট্র্যাকারের মাধ্যমে নির্বাচনের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতিগুলির রিয়েল-টাইম অবস্থা তথা হালনাগাদ তথ্য জানা যাচ্ছে। নির্বাচনি প্রচারণার সময় দেওয়া ১৪০টি প্রতিশ্রুতির মধ্যে ১১টি প্রতিশ্রুতি, যেমন, নারীদের জন্য ৩,০০০ রুপির আর্থিক সহায়তা এবং অনুপ্রবেশ বিরোধী কঠোর পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছ। এগুলি এখনও বাস্তবায়নের পথে রয়েছে।
এই ধরনের ট্র্যাকারটি এমন এক সময়ে চালু হলো, যখন বিজেপি তার ইতিহাসে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে ক্ষমতায় এসেছে। 'বিজেপি সরকারের প্রতিশ্রুতি' শিরোনামের পোর্টালটিতে একটি টাইমারও দেখানো হচ্ছে, যা সরকারের ১২৯টি অমীমাংসিত প্রতিশ্রুতি পূরণের জন্য বাকি থাকা সময় নির্দেশ করেছে।
গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী প্রথম মন্ত্রিসভার বৈঠকে বলেন যে, তার সরকার বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণের জন্য বিএসএফ-কে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং রাজ্যে আয়ুষ্মান ভারত ও জনগণনার মতো কেন্দ্রীয় প্রকল্পগুলির অবিলম্বে বাস্তবায়নের অনুমোদন দিয়েছে। তিনি আরও ঘোষণা করেন যে, তার সরকার রাজ্যের নারীদের ৩,০০০ টাকা প্রদান করবে, সরকারি চাকরির জন্য বয়সের সীমা বাড়াবে এবং রাজনৈতিক সংগ্রামের শিকারদের আইনি সহায়তা দেবে।
