চট্টগ্রামের লোহাগাড়ায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলার চরম্বা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জান মোহাম্মদ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন মৃত আব্দুর সোবহানের পুত্র মাওলানা আবুল কাশেম (৭০)। তিনি চরম্বা জামিল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুপার হিসেবে দায়িত্ব পালন করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জনক। তার স্ত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আহতরা হলেনÑ কবির আহমদের পুত্র হারুনুর রশিদ (৪০), মৃত ফয়েজ আহমদের পুত্র শাহ আলম (৬৯) এবং শামসুল ইসলামের কন্যা সকিনা খাতুন (৫৫)। স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা-জমি ও ঘর নির্মাণ সংক্রান্ত বিরোধ নিয়ে চাচাতো ভাইদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। এ সময় মাথায় আঘাতসহ গাছের ডাল দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছে চাচাতো ভাই হারুন, মোহাম্মদ শামসু এবং প্রবাসী নুরুল হকের ছেলে আধন।
স্থানীয়রা জানান, ঘর নির্মাণ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আবুল কাশেমের ওপর হামলা করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোহাম্মদ শামসু নামে একজনকে আটক করেছে পুলিশ। লোহাগাড়া থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আসামিদের ধরার পর বিস্তারিত জানানো হবে।
