শপথ নেওয়ার পর প্রথম কার্যদিবসে ব্যস্ত সময় পার করতে যাচ্ছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বুধবার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় রাজধানীর গুলশানের বাসভবন থেকে সাভারের উদ্দেশে রওনা হবেন তারেক রহমান। এরপর সকাল ১০টা ৫৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি।
সেখান থেকে সকাল ১১টা ৩০ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হয়ে সোয়া ১২টার দিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও জিয়ারত করবেন তারেক রহমান।
পরে দুপুর ১২টা ৪০ মিনিটে তিনি সচিবালয়ের উদ্দেশে রওনা হবেন। দুপুর ১টায় সচিবালয়ে পৌঁছে মধ্যাহ্নভোজ ও নামাজ আদায় করবেন। বিকাল ৩টায় মন্ত্রিসভার বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকাল ৪টায় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয়ের পর পঞ্চমবারের মতো সরকার গঠন করেছে বিএনপি। প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে গতকাল মঙ্গলবার শপথ নিয়েছেন তিনি।
অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেলে ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছেন নতুন প্রধানমন্ত্রী। এ ছাড়া মন্ত্রী মর্যাদায় ৫ জন উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় ৫ জনকে উপদেষ্টা নিয়োগ দিয়েছেন তিনি। মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জনকে প্রতিমন্ত্রী করা হয়েছে।
