উল্লাপাড়ায় ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ব বিরোধের জেরে সোবহান প্রামাণিক (৭০) নামের এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে নিজ বাড়িতে রাতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ডোয়া কেটে ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে ঘটনাস্থলেই সোবহান নিহত ও গুরুতর আহত হন তার স্ত্রী। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক হায়দুল ওই গ্রামের ইসমাইলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সোবহান ৭০ লাখ টাকার একটি জমি বিক্রি করে। হয়তো দুর্বৃত্তরা টাকা নিতেই তাকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও গ্রামের একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে পিতা ও পুত্র নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। তবে তিনি জড়িত কিনা যাচাই করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন