আশুলিয়ায় বন্ধুকে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যা

ফন্ট সাইজ:

সাভারের আশুলিয়ার কোনাপাড়া এলাকায় পারভেজ হোসেন নামে এক যুবককে বাসায় ডেকে এনে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধু শাহাদাৎ হোসেনের বিরুদ্ধে। রোববার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত পারভেজ হোসেন (২৬) শেরপুর জেলার নকলা উপজেলার রাণীগাঁও গ্রামের আজাহার আলীর ছেলে। সে আশুলিয়ার গোহাইলবাড়ি মেশিনপাড় এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

এদিকে, হত্যাকাণ্ডের পর ঘাতক শাহাদাৎ হোসেন পালিয়ে গেলেও তার বাবা-মা ও ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ঘাতক শাহাদাৎ গাইবান্ধা জেলার সদর থানার কলাইহাটি কুমারপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে। তারা সকলেই আশুলিয়ার কোনাপাড়া এলাকার হাজী জয়নালের বাড়িতে ভাড়া থাকতো। স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১১টার দিকে শাহাদাৎ তার বন্ধু পারভেজকে বাসায় ডেকে আনেন। পরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শাহাদাত উত্তেজিত হয়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে পারভেজকে পেছন থেকে কোপ দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় পারভেজকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ছাড়া, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক শাহাদাতের বাবা আলমগীর হোসেন, মা শাহিদা আক্তার এবং ভাই শাহিন হোসেনকে আটক করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া ঘাতকের মা, বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সেইসঙ্গে ঘাতক শাহাদাতকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন