উল্লাপাড়ায় রাতে ঘুমন্ত অবস্থায় একজনকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

উল্লাপাড়ায় রাতে ঘুমন্ত অবস্থায় একজনকে কুপিয়ে হত্যা, স্ত্রী গুরুতর আহত

ফন্ট সাইজ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সোবহান প্রামানিক (৭০) নামে এক ব্যক্তিকে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে উপজেলার দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। সোবহান প্রামানিক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার। ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

জানা গেছে, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরের দেয়াল কেটে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই সোবহান প্রামানিক নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী শেফালী খাতুন। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। শেফালী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর স্থানীয়দের সন্দেহ হলে একই গ্রামের হায়দুল ইসলাম (৫০) নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। আটক হায়দুল ইসলাম ওই গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সোবহান ৭০ লাখ টাকার একটি জমি বিক্রি করেন। হয়তো দুর্বৃত্তরা টাকা নিতেই তাকে হত্যা করেছে। এছাড়াও গ্রামের একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা বংশ ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মোক্তারুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। একজনকে আটক করেছে এলাকাবাসী। তিনি জড়িত কিনা যাচাই করা হচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন