দুই বাংলাদেশির লাশ ফেরত দিলো বিএসএফ

ফন্ট সাইজ:

কসবায় বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে দুই বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঘটনার প্রায় ১৮ ঘণ্টা পর গোপীনাথপুর ইউনিয়নের ২০৩৬ পিলার সংলগ্ন এলাকায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার (সিও) পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুলতানপুর ৬০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. শরীফুল ইসলাম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৪৯ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল অজিত কুমার সিংহ। এ সময় কসবা থানা অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, ওসি পরিদর্শক রিপন দাসসহ আইনশৃঙ্খলা বাহিনী, চন্ডিদ্বার বিওপি’র বিজিবি সদস্যগণ ও বিএসএফের সদস্যগণসহ বিশালঘর থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় আশপাশে স্থানীয় উৎসুক লোকজন উপস্থিত ছিলেন। নিহতরা হলেন, উপজেলার ধজনগর গ্রামের হেবজু মিয়ার ছেলে মো. মুরসালিন ও মধুপুর গ্রামের মকরম আলীর ছেলে নবীর হোসেন। এর আগে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ধজনগর-পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে তারা নিহত হন। এ ঘটনায় আরও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে সীমান্ত এলাকার শূন্যরেখায় প্রায় ১৫ জন লোক অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মুরসালিন ও নবীর হোসেনসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। পরে ভারতের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুইজনের মৃত্যু হয় বলে বিএসএফ কর্তৃপক্ষ বিজিবিকে জানায়। এদিকে বিজিবি’র পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, প্রায় ১৫ জন বাংলাদেশি চোরাকারবারি ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় চোরাচালানের উদ্দেশ্যে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে ভারতীয় ৪৯ ব্যাটালিয়নের টহলরত বিএসএফের বাধার মুখে উভয়পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে বিএসএফ সদস্যরা দুই রাউন্ড ছররা গুলি ছোড়ে। বিজিবি জানায়, এ ঘটনায় বিএসএফকে প্রটেস্ট নোট দেয়া হয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন